
মোঃ হামজা শেখ।।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে, এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর পাংশায় শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় পাংশা প্রেসক্লাবের আয়োজনে শোক র্যালিটি প্রেসক্লাবের সামনে মালেক প্লাজা থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে হত্যার প্রতিবাদ জানান।
পরে মালেক প্লাজার সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি এম.এ জিন্নাহ এবং সঞ্চালনা করেন বাংলা টিভির প্রতিনিধি রতন মাহমুদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিডি ২৪ লাইভ ও দৈনিক যায়যায়দিনের সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, দৈনিক কুষ্টিয়ার কাগজের সহ-সম্পাদক কাজী সেলিম, প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সরদার, যুগ্ম আহ্বায়ক ও দৈনিক কালবেলার প্রতিনিধি মো. শামীম হোসেন, নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, দৈনিক রাজবাড়ী কণ্ঠের প্রতিনিধি এস কে পাল সমীর, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি সাকী মাহবুব, এশিয়ান টিভির ক্যামেরাপার্সন আল-আমিন হোসেন, দৈনিক আমার সংবাদের কালুখালী উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “সাংবাদিক জাতির বিবেক, আর গাজীপুরে সেই বিবেককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একের পর এক সাংবাদিক হত্যা ও হামলা দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। তুহিন হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মো. হামজা শেখ, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি শাহীন রেজা, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি আকাশ মাহমুদ, দৈনিক চিত্রের প্রতিনিধি উজ্জ্বল হোসেন, জসিম উদ্দিন, সাম্পান মাহমুদ, শরিফুল ইসলাম, নয়া বাংলাদেশ টিমের শাহীন, দৈনিক জয়সাগরের জেলা প্রতিনিধি রেবা খাতুন, কালুখালীর আদম আলীসহ পাংশার সব গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।