
গাজী মাহমুদ পারভেজ।।
সাহসী সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদে মানববন্ধন করেছে গজারিয়া প্রেস ক্লাব।
সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় গজারিয়া উপজেলার ভবেরচর বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় গজারিয়া প্রেস ক্লাব আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “একজন সাংবাদিকের জীবন কেড়ে নেওয়া কেবল একটি হত্যাকাণ্ড নয়—এটি আমাদের গণমাধ্যমের স্বাধীনতা, ন্যায়বিচার ও সমাজের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে।”
তারা আরও বলেন, “তুহিন ছিলেন সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। তার সাহসী লেখনী সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করেছিল। এমন হত্যাকাণ্ডের নেপথ্যে যারা আছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কোনো সাংবাদিককে এমন পরিণতি বরণ করতে না হয়।”
বক্তারা সরকারের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মুন্সীগঞ্জের কাগজ-এর সম্পাদক মোহাম্মদ আরফিন। এতে স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন।