
তৌসিফ মিঠুন।।
কুষ্টিয়ার আমলা বাজার অত্র এলাকার অন্যতম প্রাণকেন্দ্র। আশেপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ প্রতিদিন এখানে আসেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়-বিক্রয়, বিভিন্ন কার্যক্রম সম্পাদন এবং সময় কাটানোর জন্য। প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় বাজারটি মুখরিত থাকে।
এখানে রয়েছে অসংখ্য দোকানপাট, যেখানে ব্যবসায়ীরা জীবিকা নির্বাহের পাশাপাশি নানা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেন। বাজারের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান—আমলা সরকারি কলেজ, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমলা সদরপুর কিন্ডারগার্টেন, এডুকেশন আইডিয়াল স্কুল, এসএইচ চাইল্ড স্কুল,আমলা হেফযখানা এতিম ও কারিগরি মাদ্রাসা, মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা ইত্যাদি।
ব্যাংকিং সুবিধার ক্ষেত্রেও বাজারটি সমৃদ্ধ। এখানে রয়েছে গ্রামীণ ব্যাংক, ব্যাংক এশিয়া, আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক এবং বিভিন্ন এজেন্ট ব্যাংকিং সেবা। চিকিৎসা সেবার জন্য রয়েছে আমলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ওয়েস্টার্ন ডায়াগনস্টিক সেন্টার সহ অসংখ্য ঔষধালয় এবং নিরাপত্তার জন্য রয়েছে আমলা পুলিশ ফাঁড়ি। এবং অত্র ইউনিয়নের সকল নাগরিক সেবার জন্য রয়েছে আমলা ইউনিয়ন পরিষদ।
যদিও এলাকা গ্রামীণ, তবুও দিন দিন এটি উপশহরের রূপ নিচ্ছে। বর্তমানে ফোরলেন সড়কের কাজ চলছে, যার সঙ্গে ডিভাইডার বসানোর কার্যক্রম সন্নিকটে । তবে বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের দাবি—ডিভাইডার বসানো হোক কুষ্টিয়ার এনএস রোডের আদলে, যাতে বাজারের এক পাশ অন্য পাশ থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়।
যদি এনএস রোডের মডেল অনুসরণ করা হয়, তবে বাজারের সৌন্দর্য বৃদ্ধি পাবে, পুরো এলাকা একসঙ্গে থাকবে এবং ব্যবসায়ী ও ক্রেতা উভয়েই এর সুফল ভোগ করবে। এতে বাজার হবে আরও প্রাণবন্ত, সুশৃঙ্খল এবং আধুনিক।