প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2025 ইং
শিক্ষক সংকটে ঐতিহ্য হারাচ্ছে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

মোহাম্মদ আলী মাস্টার।।
জেলার ঐতিহ্যবাহী সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় সরাইল উপজেলার একটি প্রাচীন বিদ্যাপীঠ। একসময়ে দেশের ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে এটি ছিল অন্যতম। আজ শিক্ষা ক্ষেত্রে তো নয়ই, ক্রীড়া ক্ষেত্রে ও হারাচ্ছে অতীত ঐতিহ্য। নামিডাকি এ প্রতিষ্ঠানের স্বনামধন্য ব্যক্তিরা এ বিদ্যালয়ে পড়ালেখা করে দেশ বিদেশে সুখ্যাতি অর্জন করে বিদ্যালয়টির অতীত কে যেন আলোকিত করে রেখেছে । আজ বিদ্যালয়টির নাস্তানাবুদ অবস্থা সকলের মুখেমুখে। গৌরবের প্রায় দেড়শত বছর পার করলেও কাটেনি শিক্ষক সংকট।ফলে এ বিদ্যালয়ে চলছে জোড়াতালির পাঠদান।কমে যাচ্ছে শিক্ষার্থীদের সংখ্যা।
জানা যায়, ১৮৭১ সালে সরাইল পরগনার তৎকালীন জমিদার রায় বাহাদুর অন্নদা প্রসাদ রায় ৩.৭৫ একর জমির ওপর প্রতিষ্ঠা করেন সরাইল মাইনর ইংলিশ স্কুল নামের একটি বিদ্যাপীঠ। ১৮৯৩ সালে এর নামকরন করা হয় সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়। ১৮৮৬ সালের ১৭ই জুলাই এটি জাতীয়করণ হয়।সম্প্রতি সরেজমিনে জানা যায়,বিদ্যালয়টিতে ৬০০ আসনের বিপরীতে বর্তমানে শিক্ষার্থী আছে ৫১২ জন।১৮ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছে মাত্র ০৯ জন।এখানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, ও সাতজন সহকারী শিক্ষকের পদ শূন্য। বাংলা বিষয়ে ২ জন শিক্ষকের স্থলে একজনও নেই। ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ও ভৌতবিজ্ঞান বিষয়ে দুজন করে শিক্ষক থাকার কথা থাকলেও আছে একজন।নেই ভূগোল এবং ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক।এখানে আইসিটি,চারুকলা, ও হিন্দুধর্মের শিক্ষকের কোন পদ নেই। পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষকদেরও পরতে হচ্ছে বিড়ম্বনায়।বিষয়ভিত্তিক শিক্ষক তার নিজ বিষয়ের পরিবর্তে অন্য বিষয় পড়াতে বাধ্য হচ্ছেন। প্রশ্ন হচ্ছে, বিষয় শিক্ষক ব্যতীত পাঠদান কতটুকু ফলপ্রসূ হবে? বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী শিক্ষক দেবব্রত দাস বলেন, শিক্ষকের ঘাটতির কারণে আমরা হিমশিম খাচ্ছি।আমরা চেষ্টা করছি,শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর।
শিক্ষক সংকট জনিত কারণে প্রতিটি শ্রেণিতেই শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম।মাঝে মধ্যে কোনো কোনো শ্রেণিতে শিক্ষার্থীদের উপস্থিতি শূন্যের কোঠায় থাকে। এ নিয়ে অভিভাবকরা দিশেহারা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক জানান, ঐতিহ্যের বিদ্যাপীঠ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে গেছে। সরাইল উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ১০ বছরের এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে,উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে বিদ্যালয়টি কখনোই প্রথম স্থান অর্জন করতে পারে নি।সর্বশেষ এসএসসি পরীক্ষায় উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক এ বিদ্যাপীঠ থেকে ৯৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮০ জন। পাসের হার ছিল ৮৩.৩৩ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ১৩ জন।গত বছর (২০২৪)১০২ জন অংশ নিয়ে পাস করেছে ৯০ জন।পাসের হার ৮৮.২৪ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ৫ জন। অথচ উপজেলার প্রত্যন্ত গ্রামের হাওরবেষ্ঠিত অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ১৬২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪১ জন।পাসের হার ৮৭.০৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২১ জন। গত বছর বিদ্যালয়টি থেকে ২১৮ জন অংশ নিয়ে পাস করেছে ১৬১ জন।পাসের হার ৭৩.৮৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৬ জন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মোশারফ হোসাইন বলেন,জেলার পুরনো এই বিদ্যাপীঠের প্রধান সমস্যা শিক্ষক সংকট।শিক্ষক সংকট দূর না হলে এখানে শিক্ষার মান উন্নয়ন কঠিন ব্যাপার হবে।আমরা চেষ্টা করছি শিক্ষক সংকট দূর করতে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।