প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2025 ইং
গাজীপুরে সাংবাদিক হত্যা: পাটকেলঘাটায় তীব্র নিন্দা ও মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর সাহসী সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেসক্লাব। এ উপলক্ষে শনিবার (৯ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “এই হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিককে হত্যাই নয়, এটি মুক্ত গণমাধ্যম ও সত্য প্রকাশের ওপর এক বর্বর আঘাত।” তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকরা জীবন ঝুঁকি নিয়ে দুর্নীতি ও অনিয়ম উন্মোচন করেন, অথচ তাদের নিরাপত্তা নিশ্চিত না করে বরং অপরাধীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে।
বক্তারা দাবি করেন, সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। একইসঙ্গে দেশে কর্মরত প্রতিটি সাংবাদিকের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।