প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2025 ইং
সরাইলে উচ্ছেদের পর আবারও দখলদারত্বের কবলে ৬৫ লাখ টাকার ঘাট

মোহাম্মদ আলী মাস্টার
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি ঘাটটি পূণরায় অবৈধ দখলের শিকার হয়েছে। গত বছর উপজেলা প্রশাসনের সক্রিয় উদ্যোগে ঘাটটি দখলমুক্ত করা হলেও, সম্প্রতি একাধিক নেতৃস্থানীয় প্রভাবশালী ব্যক্তি সেখানে বাঁশ ফেলে ও টং দোকান নির্মাণ করে ফের দখলে নিয়েছেন।সরেজমিনে দেখা গেছে, ঘাটের মূল অংশে শত শত বাঁশ ফেলে এবং অস্থায়ী টং দোকান তৈরি করে পুরো ঘাটটি ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়েছে। এতে মেঘনা-তিতাস নদীপাড়ের অসংখ্য বাসিন্দা ও হাটে আগত মানুষজন নদীপথে যাতায়াত ও পণ্য পরিবহনে মারাত্মক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন।নাম প্রকাশ না করার শর্তে বাজারের এক ব্যবসায়ী বলেন, “৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘাটটি এখন বাঁশের নিচে চাপা পড়ে আছে। জানি না, কবে এই দুর্ভোগ শেষ হবে।”স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সরকার প্রদত্ত এই ঘাটটি এখন যেন এক “কবরে” পরিণত হয়েছে। তাদের দাবি, “এটি জনগণের ঘাট, অথচ তা প্রভাবশালীদের দখলে চলে গেছে। ভূমিদস্যুরা বাঁশ ফেলে এবং অস্থায়ী দোকান নির্মাণ করে নদী ও ঘাট জবরদখল করছে।”অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল হক বলেন, “গত বছর প্রশাসনের উদ্যোগে ঘাটটি উদ্ধার হয়েছিল। আবারও দখল হয়ে গেছে। আমরা চাই, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে ঘাটটি জনগণের ব্যবহারের উপযোগী করে তুলুক।”এ বিষয়ে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, “গত বছর ঘাটটি উদ্ধার করে প্রায় ৩-৪ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেটি আবার দখল হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। বাজারে মালামাল ওঠানামা এখন চরম দুর্বিষহ হয়ে উঠেছে।”এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, “ঘাটটির বর্তমান অবস্থান যাচাই করা হচ্ছে। দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় নথি প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ অবস্থায় বাজার ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় রাজনৈতিক নেতারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।