
মোঃ রুবেল।।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের খোর্দ্দ বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাসরত ৮০ বছরের প্রবীণ মোঃ আফাছ উদ্দিনের জীবন কেটেছে দারিদ্র্যের সাথে দীর্ঘ লড়াইয়ে। একমাত্র ছেলে খোরসেদ আলম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত হওয়ায় সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে কষ্টে দিন পার করছিলেন তিনি।
এ অবস্থায় হৃদয়ে সৈয়দপুর সংগঠনের শরনাপন্ন হলে, সংগঠনের “স্বাবলম্বীকরণ ও পুনর্বাসন” প্রকল্পের আওতায় ৮ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় মোঃ আফাছ উদ্দিনকে একটি মুদি দোকান উপহার দেওয়া হয়।
নতুন দোকান হাতে পেয়ে আবেগাপ্লুত আফাছ উদ্দিন জানান, এই উদ্যোগের ফলে তিনি নিজেই উপার্জনের সুযোগ পাবেন এবং সংসারের চাহিদা পূরণ করতে সক্ষম হবেন বলে আশা করছেন।
দোকান উদ্বোধন অনুষ্ঠানে হৃদয়ে সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়ন শাখার সভাপতি গোলাম রব্বানী বলেন, “সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।”