
মো: মেহেদী হাসান রাজিব।।
কুমিল্লার হোমনা উপজেলায় চেকপোস্ট বসিয়ে অভিযান চলা কালে ১১০ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক (৪৩) নামে এক প্রতিবন্ধি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হোমনা থানা সূত্রে জানা যায়, এসআই মীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ০৮ আগস্ট (শুক্রবার) মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিলেন। এ সময় ৭নং ভাষানিয়া ইউনিয়নের পূর্ব কাশিপুর এলাকায় মুরাদনগর-হোমনা পাকা সড়কে জনৈক মো. রফিকের বাড়ির উত্তর পাশে চেকপোস্ট স্থাপন করা হয়।
দুপুর ২টা ১৫ মিনিটে মুরাদনগর দিক থেকে হোমনাগামী পথে পায়ে হেঁটে সন্দেহজনকভাবে চেকপোস্ট অতিক্রমের সময় আব্দুর রাজ্জাককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা থাকার কথা স্বীকার করেন।
পরে স্থানীয়দের উপস্থিত দেহ তল্লাশি করে তার লুঙ্গির ডান কোচা থেকে নিজ হাতে বের করে দেওয়া নীল জিপারযুক্ত পলিথিনে মোড়ানো ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় হোমনা থানায় মামলা নং-০২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
এই বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. রফিকুল ইসলাম সত্যতা স্বীকার করেন।