
সানজিদুল হক।।
সংবিধান একটি জাতির দর্পণ, যেখানে প্রতিফলিত হয় তার আশা, স্বপ্ন, সংগ্রাম এবং বাস্তবতা। কিন্তু সেই বাস্তবতা সবসময় উজ্জ্বল হয় না—কখনো সেখানে লুকিয়ে থাকে অন্যায়, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, সরকারি চাকরিতে ঘুষের বিনিময়ে নিয়োগ, অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার, ব্যবসায়িক সিন্ডিকেটের দৌরাত্ম্য, টেন্ডার বাণিজ্যের অন্ধকার, কিংবা সরকারি বরাদ্দের অপব্যবহার। এই সব অন্ধকারকে আলোয় আনতে, মুখোশ উন্মোচন করতে এবং জনগণকে সত্য জানাতে মাঠ পর্যায়ের সাংবাদিকরা প্রতিদিন নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন।
এরা কেবল সংবাদকর্মী নন—এরা জাতির সত্য সন্ধানী সৈনিক। কারো হাতে থাকে ক্যামেরা, কারো হাতে রেকর্ডার, আর সবার হাতে থাকে কলম—যা যে কোনো অস্ত্রের চেয়েও শক্তিশালী। দিনের পর দিন, রাতের পর রাত তারা ছুটে বেড়ান শহরের ভিড় থেকে গ্রামের জনপদে, ঝড়-বর্ষা-রোদ উপেক্ষা করে। কখনো নদী পাড়ি দেন, কখনো পাহাড় চড়েন, কখনো বিপজ্জনক অন্ধকার গলিতে প্রবেশ করেন—শুধু একটি কারণে: সত্য উদঘাটন।
কিন্তু এই পথ সহজ নয়। ক্ষমতাশালী গোষ্ঠী, দুর্নীতিবাজ চক্র, রাজনৈতিক প্রভাবশালীদের রোষানল, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যায় আচরণ—সবই তাদের নিত্যসঙ্গী। হুমকি, ভয়ভীতি, হয়রানি এমনকি প্রাণনাশের ঝুঁকিও থাকে প্রতিটি প্রতিবেদনের পেছনে। তবুও তারা থেমে যান না। কারণ তারা জানেন—যদি তারা নীরব হয়ে যান, তবে অন্যায়, দুর্নীতি আর অবিচারের অন্ধকার আরও গভীর হবে।
এই নির্ভীক সংবাদযোদ্ধারা আমাদের চোখ খুলে দেন। তারা জানিয়ে দেন, কোন উন্নয়ন প্রকল্পে কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, কোথায় সরকারি বরাদ্দ গায়েব হয়ে যাচ্ছে, কোন প্রতিষ্ঠানে ঘুষ ছাড়া চাকরি মিলছে না, কারা বিদেশে অর্থ পাচার করছে, কোথায় ব্যবসায়িক সিন্ডিকেট সাধারণ মানুষের জীবনকে পঙ্গু করে দিচ্ছে।
তাদের প্রতিটি খবর একটি দায়িত্ব, প্রতিটি শব্দ একটি অঙ্গীকার—ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার। অথচ দুঃখজনক হলেও সত্য, অনেক সময় সমাজ ও রাষ্ট্র তাদের এই ত্যাগ-তিতিক্ষার যথাযথ মর্যাদা দেয় না। তাদের ন্যায্য অধিকার, পর্যাপ্ত নিরাপত্তা, জীবনবীমা, ভাতা কিংবা পেশাগত সুরক্ষা—সবই থেকে যায় অবহেলায়।
রাষ্ট্র ও সমাজের উচিত এই সত্যযোদ্ধাদের পাশে দাঁড়ানো। শুধু প্রশংসা নয়, প্রয়োজন বাস্তব সহায়তা—যাতে তারা আরও শক্তভাবে, নির্ভয়ে, নিরপেক্ষভাবে কাজ করতে পারেন। কারণ সাংবাদিকরা স্বাধীন থাকলেই গণতন্ত্র বেঁচে থাকে, আর গণতন্ত্র বাঁচলেই বাঁচে জাতির আশা।
সত্যের পথে চলা কখনো সহজ ছিল না—কিন্তু নির্ভীক সাংবাদিকদের হাতে থাকা কলম বারবার প্রমাণ করেছে, সত্যই শেষ পর্যন্ত জয়ী হয়।