
রূপক মুখার্জি।।
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় সোয়েবুর খান (৪৩) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) বেলা ১টার দিকে পৌরসভার মাইটকুমড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সোয়েবুর খান মাইটকুমড়া গ্রামের ইউনুস খানের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। এলাকায় তিনি একজন নিরীহ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার এহেন রহস্যজনক মৃত্যুর ঘটনায় মাইটকুমড়াসহ আশেপাশের এলাকার মানুষজনদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তুোষ বিরাজ করছে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পৌরসভা গেট এলাকার মাসুমের দোকানে মধ্যরাত পর্যন্ত কেরাম খেলেন সোয়েবুর। রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরদিন শুক্রবার দুপুর ১টার দিকে মাইটকুমড়া গ্রামের একটি পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান এবং তদন্ত শেষে জড়িতদের দ্রুত সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।