
মানিকগঞ্জ পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এক কিলোমিটার দীর্ঘ বোয়ালিয়া সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন শত শত মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর না থাকায় সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটু পানি জমে, সৃষ্টি হয় কাদা ও খানাখন্দ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ সব শ্রেণিপেশার মানুষ।
দ্রুত সংস্কারের দাবিতে মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে সড়কটিতে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি এ অবস্থায় থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচনের সময় অনেক প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি। একটুখানি বৃষ্টিতেই পানি জমে যায়, বাজারে যাওয়া তো দূরের কথা, অসুস্থ রোগীকেও ঠিকমতো হাসপাতালে নেওয়া যায় না।
স্থানীয় বাসিন্দা সুফিয়া বেগম বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি জমে। বাচ্চারা স্কুলে যেতে পারে না। আমরা বারবার এলাকার কাউন্সিলরকে অবহিত করলেও তারা এই রাস্তা নিয়ে কোন কাজ করে না।
এই এলাকার বয়জেষ্ঠ জমির উদ্দিন বলেন, যদি দ্রুত সড়কটি মেরামত না করা হয়, তাহলে আমরা পৌরসভা ঘেরাও করব।
আব্দুল আহাদের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মুরাদ হোসেন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনা। এ সময় আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম শিমুল, মো. রনি, জাকির হোসেন জিল্লু, সাগর, রাহুল, শামীমসহ শতাধিক এলাকাবাসী।
মানববন্ধনে বক্তৃতাকালে এডভোকেট মুরাদ হোসেন বলেন, রাস্তাটি দ্রুত সংস্কার না হলে আমরা মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করব। এরপরেও কোনো সাড়া না পেলে পৌরসভা ঘেরাও করে প্রশাসককে অফিসে ঢুকতে দেব না।
এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সানজিদা জেসমীন বলেন, বোয়ালিয়া সড়কের বিষয়ে আমাদের আগে কেউ কিছু জানায়নি। গত শুক্রবার একটি রাস্তার বিষয়ে জানার পর আমরা প্রকল্প অনুমোদনের জন্য পাঠিয়েছি। বোয়ালিয়া সড়কের বিষয়ে লিখিতভাবে জানালে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে।