
মো: ফখর উদ্দিন।।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউল লালের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—রবিউল লালের বাড়ির মো. আবু সুফিয়ান সজিবের ছেলে মো. ইব্রাহীম (৪) এবং মো. শরীফের ছেলে নাদিম হোসেন (৩)। তারা সম্পর্কে জেটাতো ও চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই পরিবারের নারী সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে তারা অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে পুকুরে জাল ফেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দ্রুত তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও হৃদরোগ কনসালটেন্ট ডা. মো. সাহাদাত হোসেন সাগর জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। স্বজনদের ভাষ্য অনুযায়ী, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এদিকে, শিশুদের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।