
জুবাইর আল হাদী।।
জার্মানির লিবনিজ ইনস্টিটিউট অব ফ্রেশওয়াটার ইকোলজির গবেষকরা সম্প্রতি এমন এক ধরনের ছত্রাক আবিষ্কার করেছেন, যা প্লাস্টিক খেয়ে বেড়ে উঠতে পারে। বিশেষত পলিউরেথেন নামের প্লাস্টিক এই ছত্রাকের খাদ্য তালিকায় শীর্ষে। যদিও কঠিন প্লাস্টিকের ক্ষেত্রে তাদের বিকাশে কিছুটা প্রতিবন্ধকতা দেখা যায়, তবুও গবেষকদের ধারণা, এই ছত্রাকই হতে পারে প্লাস্টিক দূষণ মোকাবিলায় এক অভিনব প্রাকৃতিক উপায়।
জার্মানির ‘লেক স্টেচলিন’ নামক একটি হ্রদ থেকে সংগৃহীত এই মাইক্রোফাঙ্গাস প্রজাতির ছত্রাকগুলো কোনো অতিরিক্ত পুষ্টি ছাড়াই কেবল প্লাস্টিক হজম করে টিকে থাকতে সক্ষম। গবেষণায় জানা গেছে, কয়েকটি নির্দিষ্ট প্রজাতি সিনথেটিক পলিমারের ওপর পুরোপুরি নির্ভর করে বেড়ে উঠতে পারে। শুধু বেঁচে থাকাই নয়, এই ছত্রাক নিজেরাই জৈব পদার্থ তৈরি করতে পারে, এমনকি কোনো বিকল্প কার্বন উৎস ছাড়াও। গবেষকদের মতে, জলজ পরিবেশে প্লাস্টিকের আধিক্য ছত্রাকগুলোকে এমন অভিযোজনের দিকে ঠেলে দিয়েছে।
এই বিষয়ে গবেষক হ্যান্স-পিটার গ্রোসার্ট বলেন, এই ছত্রাকের নির্দিষ্ট কিছু প্রজাতি কিছু সিনথেটিক প্লাস্টিককে পচিয়ে দিতে পারে এবং তার পাশাপাশি জৈব পদার্থ উৎপাদনেও সক্ষম। গবেষণায় অংশ নেওয়া ১৮টি ছত্রাক প্রজাতির মধ্যে ৪টি উল্লেখযোগ্যভাবে পলিউরেথেন ভাঙার ক্ষমতা দেখিয়েছে। এই ধরণের প্লাস্টিক প্রধানত নির্মাণ সামগ্রী ও ফোমজাত দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। তবে শক্ত ধরনের প্লাস্টিক যেমন পলিথিন বা টায়ারের বিরুদ্ধে এর কার্যকারিতা তুলনামূলকভাবে কম।
গবেষকরা ভবিষ্যতে এই মিঠাপানির ছত্রাককে সামুদ্রিক পরিবেশে প্রয়োগ করে প্লাস্টিক হ্রাসের পথে অগ্রসর হতে চান। যদিও তারা মনে করছেন, এই প্রক্রিয়ার সফলতা অনেকটাই নির্ভর করবে এনজাইমের কার্যকারিতা, তাপমাত্রা ও পুষ্টি উপাদানের উপস্থিতির ওপর। খোলা সাগরের তুলনায় নিয়ন্ত্রিত পরিবেশে এই ছত্রাকের দক্ষতা অনেক বেশি প্রতিফলিত হয়।
বর্তমানে বিশ্বব্যাপী ব্যবহৃত প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ পুনরায় ব্যবহার করা হয়। ফলে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই এমন জীবপ্রজাতির খোঁজ করছেন, যারা প্রাকৃতিকভাবে প্লাস্টিক ভেঙে ফেলতে পারে। এখন পর্যন্ত প্রায় ৪০০টিরও বেশি ছত্রাক ও ব্যাকটেরিয়া চিহ্নিত হয়েছে, যাদের এমন সক্ষমতা রয়েছে।