
আব্দুল মতিন মুন্সী।।
ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোয়ালমারী পৌরসভা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার বাদ আসর বোয়ালমারী ছোলনা গোরস্থান মাদ্রাসা ও পাঞ্জেরী মডেল মাদ্রাসায় পৃথকভাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে নিহতদের আত্মার শান্তি কামনায় কোরআন তিলাওয়াত ও বিশেষ মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর শিবির সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন, পৌরসভার সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং উভয় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।
বক্তারা বলেন, এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো জাতি শোকাহত। ছাত্রসমাজের এমন করুণ মৃত্যু গভীর বেদনার। তারা আরও বলেন, দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি, যেন তিনি নিহতদের জান্নাতবাসী করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন।
উল্লেখ্য, দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং সর্বস্তরের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ ধরণের মানবিক ও ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে ছাত্রসমাজের মধ্যে সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।