প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 24, 2025 ইং
মরিচ্যা চেকপোস্টে ২৪ হাজার ইয়াবাসহ ইজিবাইক চালক আটক

হামিম ফরহাদ সায়েম।।
কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৭২ লাখ টাকা। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে অবস্থান নিয়ে একটি ইজিবাইক থামানো হয়। চালকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে তিনি কিছু স্বীকার না করলেও পরে তল্লাশির একপর্যায়ে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি রামু উপজেলার রাবেতা দক্ষিণ ধেচুয়াপালং এলাকার বাসিন্দা আবদুল্লাহর ছেলে নুরুল আবছার (২৫)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “রামু ব্যাটালিয়ন সবসময় সীমান্ত নিরাপত্তা এবং মাদকদ্রব্য নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি’র মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামি ও জব্দকৃত মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।