প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2025 ইং
মানিকগঞ্জ হরিরামপুরে নদীভাঙন রোধে জরুরি পদক্ষেপের দাবি, পানি উন্নয়ন বোর্ডে আবেদন ও বৈঠক

সাইফুজ্জামান।।
মানিকগঞ্জ-২ আসনের (হরিরামপুর, সিংগাইর ও সদর আংশিক) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান ২২ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টায় পানি উন্নয়ন বোর্ডে জরুরি বৈঠক ও আবেদনপত্র দাখিল করেছেন। হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর, রামকৃষ্ণপুর, গোপীনাথপুর, বয়ড়া, হারুকান্দি ও ধূলসুরা ইউনিয়নের বিভিন্ন নদীভাঙনপ্রবণ এলাকার স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
উল্লেখিত এলাকাগুলোতে পদ্মা নদীর ভাঙনে প্রতিনিয়ত ফসলি জমি, বসতঘর ও অবকাঠামো ঝুঁকির মধ্যে রয়েছে। এজন্য জিও ব্যাগ ফেলা, ব্লক বসানো এবং অবৈধ বালু উত্তোলন বন্ধসহ জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় আবেদনপত্রে।
বৈঠকে উপস্থিত ছিলেন পঙ্গু হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. সাহিদুর রহমান খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক হরিরামপুর উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার রাজীবুল ইসলাম, সাবেক সেক্রেটারি মঞ্জুর এলাহী, শিক্ষক সাব্বির আলী, নাজমুস সাকিব এবং ইঞ্জিনিয়ার কাউসার দেওয়ান।
আবেদনপত্র গ্রহণ করেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. রাফিউস সাজ্জাদ, নির্বাহী প্রকৌশলী ড. মাহতাব হোসেন ও বোর্ডের পরিচালক মহোদয়।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে, অচিরেই হরিরামপুর এলাকার পদ্মা নদীর ভাঙনপ্রবণ অঞ্চলগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা—বিশেষ করে জিও ব্যাগ ও ব্লক ফেলা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।