প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2025 ইং
উলিপুরে নকল সিগারেট তৈরির গোপন কারখানা, গ্রেফতার ৪

মোঃ এনামুল হক বিপ্লব।।
কুড়িগ্রামের উলিপুরে আবাসিক এলাকার একটি বাড়ি থেকে নকল সিগারেট তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। পূর্ব কালুডাঙ্গা গ্রামে সোমবার (২১ জুলাই) বিকেলে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এই অবৈধ কার্যক্রমের হদিস পায় এবং কারখানা থেকে চারজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—আবুল খায়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫) ও নজিয়ার রহমান (৬০)। তারা সবাই নীলফামারীর জলঢাকা থানার মিরগঞ্জ পাঠান পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিদ মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরেই চুপিসারে চলছিল নকল 'স্টার' ব্র্যান্ডের সিগারেট তৈরির কাজ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তৈরি করা এসব সিগারেট পরে উলিপুর ও আশপাশের বাজারে সরবরাহ করা হতো। বাড়িটি বাইরে থেকে সবসময় বন্ধ রাখা হতো, এবং মাঝেমধ্যে কিছু অপরিচিত লোক যাতায়াত করায় স্থানীয়দের সন্দেহ তৈরি হয়।
খবর পেয়ে উলিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট, মোড়ক, স্টিকার ও বিভিন্ন সামগ্রী জব্দ করে।
এ বিষয়ে উলিপুর থানার তদন্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজিব জানান, “আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।