
সাতক্ষীরার তালা উপজেলায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
(সোমবার) ২১ জুলাই রাত ১০ টার দিকে উপজেলার আটারই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হাবিবুর রহমান মোড়ল (২৫)। তিনি আটারই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।
এ ঘটনায় নিহতের মা পারুল বেগমকে আটক করেছে পুলিশ। নিহতের মা পারুল বেগম জানান, তার ছেলে হাবিবুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অকারণে ঝগড়া-বিবাদ করতো এবং মারধর করতো।
নিহতের মা আরো বলেন ঘটনার রাতেও সে আমার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চায়। আমি জমি বিক্রি করে টাকা দিতে চাওয়ায় সে আমাকে ও তার স্ত্রীকে বেদম মারপিট করতে থাকে। একপর্যায়ে সে (হাবিবুর) ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে মা পারুল বেগম সেই অস্ত্রটি নিজের আত্মরক্ষার্থে ছিনিয়ে নিতে গেলে ধাক্কাধাক্কির এক পর্যায়ে ছেলে হাবিবুরের শরীরে কোপ লেগে যায় বলে নিহতের মা দাবী করেন।
নিহতের মা বলেন, আমার ছেলেকে আমি মারতে চাইনি। নিজের আত্নরক্ষার্থে কিভাবে কি হয়ে গেছে আমি বুঝতে পারছিনা।
পরে পারুল বেগম ও নিহতের স্ত্রী শান্তা খাতুন মিলে হাবিবুরকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈনুদ্দীন বলেন, ঘটনার পর নিহতের মা পারুল বেগমকে আটক করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।