
মো: ইমরান হোসেন।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে একটি কর্মী ও সমর্থকদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন। হেলিকপ্টারে করে তিনি ঈশ্বরদীতে অবতরণ করার পর শহীদ মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্ববহ বক্তব্য রাখেন। তিনি বলেন, "দেশে ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আল্লাহর ভরসায় শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।"
তিনি আরো বলেন, "আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়। এ পথ কণ্টকাকীর্ণ হলেও আমরা সৎ সাহস নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ।"
দোয়া মাহফিলে পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজারো কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশের শান্তি, জনগণের কল্যাণ এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, আমিরে জামায়াতের এই সফর কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আন্দোলনের গতি আরও বেগবান হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।