
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হলেও, মো. জালাল নামের এক যুবক কৌশলে পালিয়ে গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, আজ রোববার (২০ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে মরিচ্যা চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় সিএনজির চালক মো. মোবারক (২৩) এবং যাত্রী মো. জালাল (২৬) কে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
তবে প্রাথমিকভাবে মাদকের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও, পরে চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাওয়া যায় ১৬ হাজার পিস ইয়াবা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা।
এ সময় উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম হলদিয়াপালং এলাকার বাসিন্দা রশিদ আহমেদের ছেলে মো. মোবারককে আটক করা হয়। তবে জালাল, যিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার ঝিমনখালীর বাসিন্দা, তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক স্বীকার করেন, ইয়াবার মূল মালিক এবং সিএনজির প্রকৃত মালিক হলেন পলাতক মো. জালাল।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন,
"সীমান্ত নিরাপত্তা ও মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"
আটক মোবারককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পলাতক জালালের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।