
নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে ভাসমান অবস্থায় মর্জিনা বেগম (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
রবিবার (২০ জুলাই) রাতে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের মধ্যপাড়া এলাকার একটি ডোবা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বৃদ্ধা মর্জিনা বেগম উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা পূর্বপাড়া গ্রামের মৃত তোবারেক শেখের মেয়ে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, মর্জিনা বেগম নামে ওই বৃদ্ধা নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বাঁকা পূর্ব পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। পরে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন এবং উপজেলার সব এলাকায় মাইকিং করেন। এরপরেও তার সন্ধান মেলেনি।
এর তিন দিন পর রোববার (২০ জুলাই) রাতে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা মধ্যপাড়া গ্রামের আরিফ কাজীর বাড়ির পাশে থাকা ডোবায় মর্জিনা নামে ওই বৃদ্ধার অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে লোহাগড়া থানায় খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।