
কক্সবাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল চৌমুহনী ও উপজেলা এলাকা প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মোল্লা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য মোঃ নাহিদুল আলম নাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জিন্নাত তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউনুস মানিক, সদস্য সচিব মোঃ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুর কবির, বর্তমান সভাপতি হাবিবুর রহমান তারেক, সাবেক সদস্য সচিব সারোয়ার গাজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবালসহ উপজেলা ও পৌর ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
সমাবেশে বক্তারা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে “অশালীন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত” উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা তাকে ‘ডার্বি নাসির’ আখ্যা দিয়ে অবিলম্বে বিএনপিসহ দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তিনি ক্ষমা না চান তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে ২০ জুলাই রাঙ্গামাটিতে রাস্তা অবরুধ করে সমাবেশ করায় যাত্রী ও রুগীর ভোগান্তি সৃষ্টির হয়। রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ নাসির উদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষনা করে এবং ১০ মিনিটের মধ্যে রাঙ্গামাটি শহর ত্যাগের নির্দেশনা দেন। যার ফলে নির্ধারিত সময়ের আগেই তারা রাঙ্গামাটি ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই কক্সবাজার শহরের লালদীঘি পাড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দেওয়া বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারী সরাসরি সালাহ উদ্দিন আহমেদের নাম উল্লেখ না করেই সালাহ উদ্দিন আহমেদকে গডফাদার,দখলদার, চাঁদাবাজ আখ্যা দেয়।
এই বক্তব্যের প্রতিবাদেই বাঘাইছড়িতে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।