
নূর আলম।।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুড়ালিয়া গ্রামে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন—চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রাজমিস্ত্রী সোহাগ মিয়া (২৪) এবং তার স্ত্রী ঝুমা আক্তার (২১), যিনি কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহাগ স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। তাদের সংসারে রয়েছে দুই বছরের একটি কন্যাশিশু।
শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে নিজেদের ঘরে ঘুমাতে যান তারা। ভোরে বাড়ির অন্য সদস্যরা ঘরের ভেতর ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, "খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"