
গাজী মাহমুদ পারভেজ।।
গজারিয়ায় সমাজকল্যাণমূলক এক অনন্য উদ্যোগে ৫০ জন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এই মহতী কার্যক্রমের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।
শনিবার (১৯ জুলাই) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধীদের হাতে অত্যাধুনিক হুইল চেয়ার তুলে দেন।
এসময় কামরুজ্জামান রতন বলেন,“শারীরিক ও মানসিক প্রতিবন্ধীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময়ই চাই সমাজের এই অংশের পাশে থাকতে, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”
গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম (ভিপি মাসুম), ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপি নেতা দেওয়ান হারুন অর রশিদ, যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রিমু, ভবেরচর ইউনিয়ন বিএনপির নেতা নূরুল আমিন সরকার, বাউশিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক, ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান।
এসময় উপস্থিত বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো রাজনৈতিক দায়িত্বেরই একটি অংশ। তারা সবাইকে রাজনৈতিক বিভাজন ভুলে মানবিক কাজগুলোতে একযোগে কাজ করার আহ্বান জানান। এই উদ্যোগ শুধু মানবিক সহায়তা নয়, বরং সমাজের প্রতি দায়িত্ববোধেরও দৃষ্টান্ত। রাজনৈতিক নেতাদের এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।