
আবদুল্লাহ আল নোমান।।
পটুয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে ছয় হাজার মাইল দূরে লন্ডনে থেকে তারেক রহমান এত বড় একটি দল পরিচালনা করছেন। এবং আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। বর্তমান সরকার প্রধান প্রফেসর ড. ইউনূসের সঙ্গে তার যে কথা হয়েছে, সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমানের
ভাষ্যমতে, আগামী জাতীয় নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। আমাদের সবার কাজ হলো- এখন থেকেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা।
গতকাল ১৮ জুলাই শুক্রবার দুপুরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া এবং মৌনমিছিল শেষে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন আলতাফ হোসেন চৌধুরী
বিএনপির এ ভাইস চেয়ারম্যান আরও বলেন, গত ১৬ বছর ধরে স্বৈরাচারী হাসিনা সরকার বিএনপির নেতাকর্মীদের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। নেতাকর্মীদের হত্যা ও গুম করাসহ মামলা দিয়ে হায়রানি করেছে। আমাদের সন্তানেরা মাঠে নেমে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তা প্রতিহত করেছে। তাদের দেখাদেখি অবিভাবক, শিক্ষকসহ সারাদেশ তাদের সঙ্গে মাঠে নেমেছে। ফ্যাসিস্ট সরকার দুই হাজারের ওপর ছাত্র-জনতাকে হত্যা করেছে, আহত করেছে ৩০ হাজারের বেশি। এখনও অনেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের স্মরণ ও আশু রোগমুক্তি কামনায় কেন্দ্রের নির্দেশে দোয়া অনুষ্ঠান ও মৌনমিছিলের আয়োজন করা হয়েছে।
এ সময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটনসহ, মনিরুল ইসলাম লিটন, বশির মৃর্ধা সহ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার জুমা বাদ পৌরশহরের মদিনা মসজিদে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মোনাজাত শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে মৌনমিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।