
আলতাফ হোসাইন সুমন।।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপারা ইউনিয়নের দক্ষিণ পারুলিয়ার প্রত্যন্ত চর এলাকায় ভুট্টু ও মোতা নামের দুজন সন্ত্রাসীর বিরুদ্ধে লাজু মিয়া নামের এক কৃষকের জমিতে হাল চাষে বাধা দিয়ে হামলা মারপিট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ।
এলাকাবাসী ও মামলার বিবরণ সূত্রে জানা যায় ঘটনার দিন সোমবার সকালে আব্দুর রহমান নামের এক ব্যক্তির ট্রাক্টর ভাড়া নিয়ে কৃষক লাজু মিয়া তার নিজস্ব ও ভোগ দখলকৃত ৩০ শতক জমিতে হাল চাষ করতে যান, এ সময় ভুট্টু ও মোতাহার হোসেন সহ পাঁচ সাত জনের একটি দল জমিতে হাল চাষে বাধা দেন এ ঘটনায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে ভুট্টু ও মোতাহার হোসেন মোতা অতর্কিত হামলা চালিয়ে ট্রাক্টরের চালক এনামুল হককে মারপিট করলে সে মারাত্মকভাবে আহত হয়। এ সময় এনামুলের আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় ও আহত এনামুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এই ঘটনায় কৃষক লাজু মিয়া বাদী হয়ে ওই দুই সন্ত্রাসীসহ ৫ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল নবী জানান এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি যা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।