
মু:জাহিদুল ইসলাম শাকিল।।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নে ভিজিডি (VWB) কর্মসূচির চাল বিতরণে ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন ও তার সহযোগী মো. ইছাহাক মোল্লাকে সেনাবাহিনী আটক করেছে।
সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য প্রতিটি দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে সর্বমোট ১৮০ কেজি চাল বিতরণ করা হচ্ছিল। যদিও সরকারিভাবে এই চাল বিনামূল্যে দেওয়ার কথা, তবে অভিযোগ রয়েছে—আটক দুই ব্যক্তি প্রতিটি উপকারভোগীর কাছ থেকে অবৈধভাবে ৩০০ টাকা করে আদায় করছিলেন।
বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এলে তারা তৎপর হয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোহেবুল্লাহ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপকারভোগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল বলছেন, এমন ঘটনা শুধু দুর্নীতির চিত্রই নয়, বরং মানবিক সহায়তার নামে দরিদ্রদের সাথে চরম অবিচারের উদাহরণ।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানা গেছে।