
গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্তচক্র কর্তৃক পরিকল্পিতভাবে দেশজুড়ে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরের স্থানীয় ল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ গুপ্ত সংগঠন শিক্ষাঙ্গনকে লক্ষ্য করে নিরীহ ছাত্রদের ব্যবহার করে দেশব্যাপী অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এসব অপচেষ্টার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ ও সাংগঠনিক সম্পাদক সাকিব খান প্রমুখ।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, "ছাত্রসমাজকে টার্গেট করে যে ষড়যন্ত্র চলছে, তা প্রতিহত করতেই আমরা রাজপথে। মব গঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
ছাত্রদল নেতৃবৃন্দ সারাদেশে চলমান ষড়যন্ত্রমূলক তৎপরতা ও গুপ্ত অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রসমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।