
রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মো. শাজাহান মৃধা (৫৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
মৃত শাজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার কেসমত আলী মৃধার ছেলে। তিনি রাজবাড়ী জেলা জজ আদালতে সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের অভিযোগ, সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি হওয়ার পর অক্সিজেন সাপোর্ট দিলে কিছুটা সুস্থ অনুভব করছিলেন। কিন্তু পরে চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
মৃতের শ্যালক, রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম লাবলু বলেন,
“আমার বোন জামাই শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রথমে অক্সিজেন দেওয়ার পর তিনি একটু ভালো বোধ করছিলেন। কিন্তু একজন চিকিৎসক এসে অক্সিজেন সরিয়ে দেন। এরপরই তার অবস্থার অবনতি ঘটে এবং কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী চিকিৎসকের বিচার দাবি করছি।”
ঘটনার পর রোগীর স্বজনরা হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএমএ হান্নান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্টের কারণে রোগীর মৃত্যু হয়েছে। তবে যেহেতু চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে, তাই আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”