
জামালপুর জেলার সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে অনলাইন জুয়ার ভয়াবহ প্রভাব দিন দিন বিস্তার লাভ করছে। এলাকার একাধিক যুবক এই আসক্তির ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে পড়ছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক ‘এজেন্ট চক্র’, যারা মোবাইল ব্যাংকিং ও বিভিন্ন অ্যাপে টাকা লেনদেনের মাধ্যমে যুবকদের আকৃষ্ট করছে। অনেকে প্রথমে ছোট অঙ্কের টাকা জিতে জুয়ার প্রতি আগ্রহী হয়ে ওঠে, এরপর বড় অঙ্কের টাকা হারিয়ে নিঃস্ব হয়। কেউ কেউ বাধ্য হয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ চেয়ে, কেউ বা সুদে টাকা নিয়ে এই অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “আমাদের এলাকার অনেক ছেলেমেয়ে মোবাইলে গেম খেলার নামে সারাদিন জুয়ার সাইটে সময় দিচ্ছে। স্কুল-কলেজের ছাত্ররাও এতে জড়িয়ে পড়ছে।”
আরও জানা গেছে, কিছু ‘স্থানীয় এজেন্ট’ মোবাইল নম্বর ও অ্যাকাউন্ট দিয়ে জুয়ার সাইটে অর্থ প্রেরণ ও উত্তোলনের কাজ করে থাকেন। এই এজেন্টরা কমিশনের বিনিময়ে নতুন নতুন যুবকদের যুক্ত করছেন এই অবৈধ কার্যক্রমে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে এখনও তেমন কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। তবে, জামালপুর সদর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা গোয়েন্দা পর্যায়ে বিষয়টি তদন্ত করছি। অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শিক্ষাবিদ, সচেতন অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ দ্রুত এই সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।