
মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। এখানে হাত বাড়ালেই মেলে হেরোইন, ইয়াবা, দেশী-বিদেশী মদ, ফেনসিডিল, গাঁজাসহ সকল ধরনের মাদক। প্রতিদিন সকাল থেকেই দৌলতদিয়া পোড়াভিটায় বসে প্রকাশ্যে মাদকের হাট। সকাল, দুপুর, বিকেল, রাতে প্রতিদিন সহস্রাধিক মাদকসেবী সিরিয়াল দেয়। প্রায় এক ডজন কোটিপতি মাদক ব্যবসায়ীর নেতৃত্বে চলে মাদক সামরাজ্যে। এখানে মাঝে মাঝে প্রশাসন অভিযান করলেও ধরা ছোয়ার বাইরে থাকছে এসকল মাদক ব্যবসায়ী। অভিযোগ রয়েছে সবাইকে ম্যানেজ করেই চলে এ মাদকের হাটের কার্যক্রম।
স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, ১৯৮৮ সালে দৌলতদিয়া যৌনপল্লী আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এরপর এ স্থানের নামকরণ করা হয় পোড়াভিটা। শুরু হয় মাদকের প্রকাশ্যে ব্যবসা। সেই আজ পর্যন্ত দীর্ঘ প্রায় ৩৭ বছর যাবৎ প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা। এ পোড়াভিটা এলাকা মাদকের নিরাপদ আশ্রয়স্থল হওয়ার সুবাদে এখান থেকে প্রতিদিন মাদারীপুর, ফরিদপুর, পাংশা, রাজবাড়ী, পাবনা, মানিকগঞ্জ ও ঢাকার সাভার সহ বেশ কয়েক জেলাতে হেরোইন পাইকারী বিক্রি করা হয়। এ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও বন্ধ হয়নি মাদক ব্যবসা। উল্টো দিনদিন বেড়েই চলেছে ব্যবসায়ীদের আধিপত্য। এ মাদক ব্যবসাকে কেন্দ্র করে বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম। দেশের বিভিন্ন স্থান থেকে চিহিৃত সন্ত্রাসীরা এসে গাঢাকা দেয়। গত পাঁচ বছরে দৌলতদিয়াতে খুন হয়েছে বেশ কয়েকজন। এ মাদক নিয়ে দ্বন্দ্বের জেরধরে গত ২২ জুন খুন হয় দৌলতদিয়ার যুবক নজরুল। তিনিও ছিলেন মাদক ব্যবসায়ী। দৌলতদিয়া তথা রাজবাড়ী জেলার মাদক ব্যবসা বন্ধের প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বুকে ব্যানার নিয়ে মানববন্ধন করেছে একজন সাংবাদিক। কিন্তু তারপর থামছে না মাদক ব্যবসা। এতে অবশ্য কোন মাথা ব্যথা নেই রাজবাড়ী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের। জেলার মাদক নিয়ন্ত্রণ করার দায়িত্ব এদের হাতে থাকলেও, এরা মাদক নিয়ন্ত্রণে সম্পুর্ন ব্যর্থ। জনশ্রুতি রয়েছে এ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা বিশেষ সুবিধা নিয়ে মাদক ব্যবসা রোধ না করে, উল্টো সহযোগীতা করেছেন।
স্থানীয় একাধিক ব্যবসায়ী বলেন, পোড়াভিটা ও আশপাশের এলাকা দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করতে সাহস পায় না। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রকৃত মাদক ব্যবসায়ীদের ধরে না। অথচ সাধারণ মানুষ এখান দিয়ে হেঁটে গেলে তাদের দেহ তল্লাশির নামে হয়রানী করে। কখনও কখনও যারা বিক্রি করে তাদেরকে না ধরে যারা মাদক সেবী তাদেরকে গ্রেপ্তার করে। এখান থেকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সহ প্রশাসনের অসাধু কর্মকর্তারা তাদের কাছ থেকে প্রতি মাসে বখড়া নেন বলে অভিযোগ রয়েছে। এদেরকে ম্যানেজ করতে রয়েছে একটি সিন্ডিকেট।
স্থানীয়দের দাবী এ যেন সরিষা মধ্যে ভূত। রাজবাড়ী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাইলে ২৪ ঘন্টার মধ্যে মাদক নিয়ন্ত্রণ ও বিক্রি বন্ধ করা সম্ভব। সেখানে দীর্ঘদিন ৩৭ বছরেও দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে মাদক বিক্রি বন্ধ তো দুরের কথা নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এতে আর বুঝতে বাকি থাকে না, আসলে কাদের ছত্রছায়ায় চলছে এখানে মাদক ব্যবসা।
গত ১৯ জুন জবেদা বেগম (৫০) নামে এক নারী তার আত্মীয়ের সন্ধানে পুড়াভিটা এলাকায় যায়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কর্মকর্তাসহ কয়েকজন মিলে তাকে বিবস্ত্র করে দেহ তল্লাশিসহ মারপিট করে। এ ঘটনা ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে রাজবাড়ী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ বলেন, দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে সত্যতা মেলেনি। যদি কেউ চাঁদাবাজি করে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মুলে অভিযান অব্যাহত রয়েছে।