
সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া এলাকায় বেতরাবতী নদীর ওপর নির্মিত একটি অপরিকল্পিত ও অযৌক্তিক বাঁধ ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি করেছে। সাম্প্রতিক ভারী বর্ষণে পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ বন্ধ হয়ে যাওয়ায় সদর উপজেলার অন্তত ১৪টি ইউনিয়নের ঘরবাড়ি, কৃষিজমি ও গবাদিপশুর আশ্রয়স্থল পানিতে তলিয়ে গেছে।
প্রাকৃতিক দুর্যোগে পড়া এসব এলাকার মধ্যে ধুলিহর, ব্রক্ষরাজপুর, ফিংড়ি, আলিপুর, বুদহাটাসহ অধিকাংশ ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের অবস্থা সবচেয়ে করুণ। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
বাঁধই জলাবদ্ধতার মূল কারণ: স্থানীয়দের অভিযোগঃ
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বেতরাবতী নদীর ওপর গড়ে ওঠা এই অযৌক্তিক বাঁধই জলাবদ্ধতার মূল উৎস। তারা অবিলম্বে বাঁধটি ভেঙে ফেলার দাবি জানান এবং জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী ও পরিদর্শক ইমাম হুসাইন বলেন, “যেখানে পানি যাওয়ার পথ নেই, সেখানে নদীর ওপর বাঁধ তৈরি করা মানেই হাজার হাজার মানুষের ঘরে পানি ঢোকানোর বন্দোবস্ত করা। এটি জনগণের বিরুদ্ধে একটি অপরিকল্পিত প্রকল্প। এখনই যদি বাঁধটি না ভাঙা হয়, তাহলে সাতক্ষীরায় ভয়াবহ মানবিক বিপর্যয় হবে।”
বৃষ্টি উপেক্ষা করে ঘটনাস্থলে পরিদর্শনে যান স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন:
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য, বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শহীদ হাসান, মাওলানা আব্দুস সবুর, ধুলিহর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সহ
গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা জনগণের দুর্দশা প্রত্যক্ষ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সংকট নিরসনে স্থানীয় জনগণ ৫ দফা দাবির কথা বলছেন
১. বেতরাবতী নদীর বাঁধটি অবিলম্বে ভেঙে দেওয়া হোক
২. জলাবদ্ধ ইউনিয়নগুলোতে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ
৩. ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারগুলোর জন্য খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত
৪. নদী ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের মতামত ও অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া
৫. জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান