
মানবিকতার অনন্য উদাহরণ স্থাপন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, মানিকগঞ্জ পৌর শাখার নেতা-কর্মীরা। সম্প্রতি পৌরসভার বকজুরী মাঝিপাড়ায় স্বেচ্ছাশ্রমে একটি বিধবা হিন্দু নারীর ভাঙা ঘর মেরামতের উদ্যোগ নিয়েছেন তারা।
স্বামী হারা বিচিত্রা চক্রবর্তী, যিনি তিন কন্যাসন্তান নিয়ে জীবনযুদ্ধে লড়ছেন, দীর্ঘদিন ধরে বাবার দেওয়া জমিতে বসবাস করছিলেন একটি জরাজীর্ণ টিনের ঘরে। বর্ষাকালে ঘরের ভেতর পানি ঢুকে পড়তো, কোনো নিরাপদ আশ্রয় ছিল না তার ও সন্তানদের জন্য।
এই করুণ অবস্থার খবর পেয়ে গত রোববার (৬ জুলাই) সকাল থেকে পৌর জামায়াতের আমির হুমায়ুন কবীরের নেতৃত্বে জামায়াত নেতা-কর্মীরা বিচিত্রার ঘর মেরামতের কাজ শুরু করেন। দিনভর পরিশ্রম করে ঘরটি বসবাসযোগ্য করে তোলেন তারা।
ঘর পেয়ে আবেগাপ্লুত বিচিত্রা চক্রবর্তী বলেন, “আমি ভাবিনি কেউ আমার এমন বিপদের সময় পাশে দাঁড়াবে, আজ যারা এগিয়ে এলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
এই মহৎ কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। নেটিজেনরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই বলেছেন, “এটাই হলো প্রকৃত ইসলামের শিক্ষা — মানবতার কল্যাণে কাজ করা।”
স্থানীয়রা জানিয়েছেন, জামায়াত কর্মীদের এমন স্বতঃস্ফূর্ত ভূমিকা সমাজে ধর্মীয় সম্প্রীতি ও সহযোগিতার মজবুত ভিত্তি গড়ে তুলবে।