
ভূমি দস্যুদের হাত থেকে কপিলমুনি ভারতচন্দ্র হাসপাতালের জমি রক্ষা, বন্ধ হয়ে যাওয়া অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত সমাপ্তি এবং লোকবল বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কপিলমুনিতে রবিবার সকালে প্রধান সড়কে কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এইচ এম শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তৃতা করেন, সমাজসেবক এম বুলবুল আহমেদ, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সাংবাদিক পারভেজ মোহাম্মাদ, বিএনপি নেতা শেখ আবু তালেব, বণিক সমিতির সদস্য সচিব শেখ আনোয়ারুল ইসলাম, সাংবাদিক শেখ সেকেন্দার আলী, এ্যাড. দীপঙ্কর সাহা, মাও আব্দুল হান্নান প্রমূখ।
বক্তারা দ্রুত অবকাঠামো নির্মাণ কাজ সমাপ্ত করে হস্তান্তর, লোকবল নিয়োগ এবং হাসপাতালের জায়গা দখল করার অপচেস্টায় দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধু ১৯১৫ সালের ৭ এপ্রিল কপিলমুনি ভরতচন্দ্র হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এর ১১০ বছরের অধিক সময় এই দাতব্য প্রতিষ্ঠানের দখলীয় সম্পত্তিতে হঠাৎ করে স্থানীয় ভূমিদস্যুরা হীন উদ্দেশ্যে উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
স্থানীয়রা বলছেন, একটি কুচক্রী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে এলাকার কিছু দালান শ্রেণীর লোককে এই কাজে ব্যবহার করছেন। পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেঃ ১২১/২১ ও দেঃ ২৪৯/২১ নং এর দু'টি মামলা চলমান। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় প্রতিপক্ষ ভূমিদস্যুরা মামলা পরিচালনায় সাহস পাচ্ছেন। জনস্বার্থ বিরোধী এই কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন এই জনপদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জানা গেছে, কপিলমুনি ভরতচন্দ্র হাসপাতালের বর্তমান আধুনিকায়নের যে অবকাঠন ও নির্মাণ কাজ চলছে তা অত্যন্ত দৃষ্টি নন্দন এবং এই বুদ্ধিষ্ণু জনপদের মানুষকে আধুনিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সক্ষম। যেখানে থাকছে আউটডোর পাঁচটি চেম্বার, জরুরী বিভাগ, আই সি ইউ বিভাগ অপারেশন থিয়েটার, এক্সরে বিভাগ, প্যাথলজি বিভাগ, ফার্মেসি বিভাগ, ভিআইপি কেবিন, ২০ বেড, দ্বিতল ভবনের ডাক্তারের আবাসিক কোয়াটার, ত্রিতল ভবনের চতুর্থ শ্রেণীর কর্মচারীর কোয়ার্টার, দ্বিতল ভবনের অ্যাম্বুলেন্স চালকের আবাসিক কোয়াটার, বিদ্যুতের সাব স্টেশন, হাসপাতাল চত্বরে আরসিসি সড়ক,দৃষ্টি নন্দন ফুলবাগান, সুদৃশ্য দুটি গেটসহ সীমানা প্রাচীর।