
গাজী মাহমুদ পারভেজ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী বাজার পর্যন্ত প্রধান সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় জনসাধারণ। দীর্ঘদিন ধরে চলমান রাস্তা সংস্কার ও দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণে ধীরগতির কারণে জনগণের মাঝে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালদী স্কয়ার কারখানা সংলগ্ন এবং লস্করটি এলাকায় তৈয়ব পাগলার বাড়ির পাশে দুটি ব্রিজ নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা-পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
ছাত্রদল নেতা শহিদুল ইসলাম মুন্না বলেন, “রাস্তা ও ব্রিজের কাজ সময়মতো শেষ না হওয়ায় আমরা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি। স্কুলপড়ুয়া শিশুরা হাঁটতে পারে না, রিকশা-অটোর চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। কোনো জরুরি রোগীকে নিয়ে গেলে সময়মতো হাসপাতালে পৌঁছানো যায় না।”
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও নজরদারির অভাবেই প্রকল্পগুলোর অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, কাজ শুরু করে কিছুদিন পর ঠিকাদাররা কাজ বন্ধ রেখে চলে যায়, যার ফলে সময় মতো প্রকল্প শেষ হচ্ছে না।
এ বিষয়ে গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন, “রাস্তার ২৫০ মিটার আরসিসি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করছি, চলতি মাসেই ব্রিজটি উদ্বোধনের মাধ্যমে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে।”
তিনি আরও বলেন, “অন্য একটি ২৫ মিটার ব্রিজের কাজ কিছু জটিলতায় আটকে ছিল, তবে সেটিও এখন সমাধানের পথে। আমরা স্থানীয়দের সহযোগিতা চাই, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে রাস্তার পাশে বসবাসকারীদের সহযোগিতা জরুরি, নয়তো পুনরায় জলাবদ্ধতার কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হবে।”
এদিকে, উন্নয়ন কাজের গতি বাড়াতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছে। তাদের দাবি—উন্নয়নের নামে দীর্ঘসূত্রতা নয়, দ্রুত কার্যকর ও টেকসই সমাধান চাই।