
সৌদি আরব থেকে আসা ছোট ভাইয়ের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাই। এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায়।
নিহতরা হলেন ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের মোহাম্মদ বাবুল এবং তার মামাতো ভাই ওসমান গনি কন্ডাক্টর। আহত হয়েছেন তাদের আরেক আত্মীয় বশির সওদাগর
জানা গেছে, সৌদি আরবে নির্মম নির্যাতনে নিহত প্রবাসী মো. রুবেলের লাশ নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে ফটিকছড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। পথিমধ্যে চৌদ্দগ্রামে পৌঁছালে লাশবাহী মাইক্রোবাসটি পেছন থেকে একটি লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবুল ও ওসমান গনি নিহত হন। গুরুতর আহত অবস্থায় বশির সওদাগরকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসী রুবেলের লাশ আনতে ঢাকা গিয়েছিলেন তার দুই আত্মীয়। ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত বাড়িতে পৌঁছাতে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকলাইন বলেন,দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মরদেহ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একই দিনে পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।