প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 2, 2025 ইং
এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার সময় ছাত্রদল সভাপতি গ্রেফতার

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার সময় টাঙ্গাইল জেলার কালিহাতিতে মৃদুল হাসান নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার ০১ জুলাই ২০২৫ ইং, এইচএসসি পরীক্ষা চলাকালীন টাঙ্গাইলের কালিহাতি শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে এই ছাত্রদল নেতাকে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, মৃদুল হাসান কালিহাতীর শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক গণমাধ্যমকে জানান, ‘আটকের পর তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে বলা হয়েছে।
কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মোঃ মজিবর রহমান গণমাধ্যমকে জানান, ব্যবস্থা গ্রহণের লিখিত নির্দেশনা হাতে পেয়েছি। এ্যসিল্যান্ড স্যার এবং কলেজের সিনিয়র শিক্ষকদের সাথে পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
কালিহাতী থানার ওসি মোঃ জাকির হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে অত্র কলেজের ছাত্রদল সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃত শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসান পুলিশ হেফাজতে রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।