
ফরিদপুরের বোয়ালমারীতে গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় ৫ দিন ব্যাপী এল,এস,ডি টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলায় এডিবি বরাদ্দের আওতায় ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত এ কর্মসূচি পালন করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ। বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামে কর্মসূচির প্রথম কার্যদিবসে এর উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের সার্বিক তদারকি করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি খামারিদের উদ্দেশ্যে LSD ভ্যাক্সিন এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এবং খামারিদেরকে গবাদিপশু পালনে উৎসাহিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ শওকত আলী পরিস্থিতি মোকাবিলায় খামারিদের বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি এল,এস,ডি রোগ ও তার প্রতিকারে ভ্যাকসিন কার্যক্রমের যাবতীয় দিক তুলে ধরে বলেন,লাম্পি স্কিন ডিজিস( এল এস ডি) গবাদি পশুর বিশেষ করে গরুর মারাত্মক একটি চর্মরোগ। যা মশা-মাছি বাহিত ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। আক্রান্ত গরুতে তীব্র জ্বর , প্রদাহ, জয়েন্ট ফুলে যাওয়া সহ সারা শরীরে গুটি দেখা যায় এবং পরবর্তীতে তা শরীরে ক্ষত হয়ে যায়। প্রাণী খাদ্য অনিহার কারণে দুর্বল হয়ে আরো অসুস্থ হয়ে যায়। যেহেতু রোগটি ভাইরাস দ্বারা সৃষ্ট সেজন্য প্রতিরোধ ব্যবস্থা হিসাবে ভ্যাক্সিন ই একমাত্র উপায়।
রোগটির ভ্যাকসিন সরকারি ভাবে প্রানিসম্পদ অফিসে সরবরাহ না থাকায় বর্তমানে বোয়ালমারী উপজেলা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে লাম্পি স্কিন ডিজিজ ছড়িয়ে পড়েছে। এ প্রেক্ষিতে
খামারিদের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এডিবির তহবিলের সহায়তা নিয়ে বিনামূল্যে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। ৫ দিনে পাঁচটি কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬ শতাধিক গরুকে টিকা দেওয়া হয়েছে বলে জানাগেছে।