
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সেতুর পাটাতন ভেঙে পড়েছে। এতে স্থলবন্দরসহ আশেপাশের এলাকার যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। সেতুর দুই প্রান্তে ছোট ও মাঝারি যানবাহনের দীর্ঘ যানজট তৈরি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
রবিবার (২৯ জুন) সকালে সোনাহাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক সেতুর ওপর উঠলে এর স্টিলের পাটাতন ভেঙে যায় এবং ট্রাকটি সেতুর পূর্ব প্রান্তে আটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়াদোত্তীর্ণ ও জীর্ণ সেতুটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে—এ আশঙ্কা থাকলেও বহুদিন ধরেই এই সেতু দিয়ে ভারী ও হালকা যানবাহন চলাচল করছিল। শেষ পর্যন্ত সেই ঝুঁকিই বড় দুর্ঘটনার কারণ হলো।
কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই সেতু দিয়ে সকল প্রকার যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ট্রাক সরানোর কাজ চলছে। তিনি আরও বলেন, মেরামতকাজ সম্পন্ন হলে বিকেলের মধ্যে ছোট যানবাহন চলাচল আংশিক চালু হবে, তবে ভারী যান চলাচল শুরু হতে পারে সন্ধ্যার পর।
ঐতিহাসিক এই সেতুটি নির্মিত হয় বৃটিশ শাসনামলে, ১৮৮৭ সালে। সেসময় লালমনিরহাট থেকে ভারতের গৌহাটি পর্যন্ত রেললাইন স্থাপনের অংশ হিসেবে দুধকুমার নদের ওপর ১২০০ ফুট দীর্ঘ সোনাহাট রেলসেতু তৈরি করা হয়। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর অগ্রগতি ঠেকাতে সেতুর একটি অংশ ভেঙে ফেলা হয়। দেশ স্বাধীন হওয়ার পর সেতুটি মেরামত করে সড়ক যোগাযোগের জন্য চালু করা হয়।
বৃটিশ আমলে সেতুর আয়ুষ্কাল ১০০ বছর নির্ধারণ করা হয়েছিল। সেই মেয়াদ বহু আগেই শেষ হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় এখান দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করছিল। স্থানীয়দের আশঙ্কা, সেতুটি বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে স্থলবন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিতে পারে।
সোনাহাট স্থলবন্দর ও ভুটানের সঙ্গে অর্থনৈতিক সংযোগ অক্ষুণ্ণ রাখতে ২০১৮ সালে দুধকুমার নদের দক্ষিণে ৬৪৫ মিটার দীর্ঘ নতুন পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু হয়। কিন্তু নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও চার দফা মেয়াদ ও বরাদ্দ বৃদ্ধি সত্ত্বেও সেতুর নির্মাণকাজ এখনো শেষ হয়নি।
স্থানীয় জনগণ দ্রুত বিকল্প সেতুর কাজ সম্পন্ন করে এই অঞ্চলের যোগাযোগ ও বাণিজ্য কার্যক্রম সচল রাখার দাবি জানিয়েছেন।