প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 28, 2025 ইং
কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ব্যাচের বিদায়ী সংবর্ধনা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলার শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” প্রকল্পের কুড়িগ্রাম জেলার দ্বিতীয় ব্যাচের বিদায়ী সংবর্ধনা ২৮ জুন, শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শ্যামল কুমার এবং আব্দুল হালিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কুড়িগ্রাম ব্রাঞ্চের কো-অর্ডিনেটর রাকিবুল হাসান।
তিন মাসব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কোর্স কুড়িগ্রামের যুব সমাজের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বক্তারা বলেন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে বেকার তরুণ তরুণীরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, অনেকেই ঘরে বসে আয় করে আত্মনির্ভরশীল হচ্ছে। এই প্রকল্প কুড়িগ্রামসহ সারা দেশে দক্ষ ফ্রিল্যান্সার তৈরির মাধ্যমে বেকারত্ব হ্রাস ও ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে অনেকে ইতোমধ্যে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করে রেমিটেন্স অর্জনে অবদান রাখছে বলেও জানানো হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে ভবিষ্যতে আরও এমন প্রশিক্ষণ কোর্স পরিচালনার আহ্বান জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।