নড়াইলের কালিয়া উপজেলায় ইজিভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিরিন আক্তার শারমিন (৩২) নামে একজন গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) বিকালের দিকে উপজেলার নড়াগাতী থানার ঘষিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান দৈনিক জনতার খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিরিন আক্তার শারমিন উপজেলার নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের পান্নু শেখের স্ত্রী। তার দুই মেয়ে সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের শিরিন আক্তার শারমিন নামে ওই গৃহবধূর স্বামী পান্নু শেখ ঢাকায় চাকরি করেন। সেই সুবাদে দুই মেয়েকে নিয়ে ঢাকাতে থাকেন ওই দম্পতি। সম্প্রতি ইসলামপুরে বাড়িতে বেড়াতে আসেন ওই দম্পতিসহ তাদের সন্তানরা। বেড়ানো শেষে ওই গৃহবধূর স্বামী পান্নু শেখ ঢাকায় চলে যান। বুধবার বিকালে শিরিন তার দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ইসলামপুর থেকে বাবার বাড়ি যশোরের উদ্দেশে রওয়ানা হন। এ সময় ইজিভ্যানে উঠে লোহাগড়ার দিকে যাওয়ার পথে ঘষিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছালে অসাবধানতাবসত: গায়ে থাকা ওড়না ইজিভ্যানের চাকায় পেঁচিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।