
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে ।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর ব্যানারে ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুরুল হক হলুদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির আল-মাসুম নিরব। এসময় উপজেলায় কর্মরত সকল (৬৫ জন) স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন।
হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুরুল হক হলুদ বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সরকারের প্রতি ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। দাবিসমূহের মধ্যে রয়েছে: ১. নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণপূর্বক ১৪তম গ্রেড প্রদান। ২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীতকরণ। ৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা। ৪. পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত কর্মরতদের অভিজ্ঞতার ভিত্তিতে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ। ৫. টাইম স্কেল বা উচ্চতর গ্রেড প্রাপ্তদের তা পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যুক্ত করা। ৬. সকল পর্যায়ে ন্যায্য পদোন্নতি ও স্বীকৃতি নিশ্চিত করা। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।