
নড়াইল সদর উপজেলায় গড়ে উঠেছে ব্যতিক্রমী এক আমবাগান ‘মাহিন কানন-২’। সেখানে রয়েছে দেশি-বিদেশি ৫০ জাতের আম। জাপানপ্রবাসী ছোট বোন জেসমিন আরা সুলতানার সহযোগিতায় ব্যবসায়ী জাহাঙ্গীর কবীর এই বাগান করেছেন।
প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আমবাগান দেখতে আসছেন। আমপ্রেমীদের জন্য এটি নতুন এক আকর্ষণের জায়গা।
নড়াইল শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বনগ্রাম এলাকায় এই দৃষ্টিনন্দন বাগান ‘মাহিন কানন-২’। ২০২১ সালে প্রায় চার একর জমিতে গড়ে উঠেছে এই মিশ্র ফলবাগান। এখানে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- আমেরিকান সুপার, জিন হুয়ার, চ্যাঙমাই, আমেরিকান বিউটি, ব্রুনাই কিং, ফোরকেজি, ওকমাই, আমেরিকান ক্যান্ট, কোশেরাল, কিউজাই, রেড তাইওয়ান, জারকাটা, থ্রিটেস্ট, বিশ্বনাথ, কোশেরী মুভ, কেহিতুর, সূর্যডিম, বারী-১৩, বারী-৮, হাঁড়িভাঙ্গা, চোষা ও ক্ষিরসাপাতিসহ নানা প্রজাতির আম।
এই বাগান দেখতে প্রতিদিন বহু মানুষ এখানে আসছেন। বাগান দেখতে আসা মাহিন আহম্মেদ বলেন, ‘দেশে এত জাতের আম হয়, তা জানা ছিল না। এই এখানে না এলে বুঝতেই পারতাম না- ৫০ জাতের আমেরগাছ রয়েছে।’ আরেক দর্শনার্থী রাজু শেখ বলেন, ‘আমরা সাধারণত কিছু পরিচিত জাতের আমের নাম জানি। কিন্তু এখানে এমন অনেক জাতের আম দেখলাম, যেগুলোর নাম কখনো শুনিনি। চোখে না দেখলে বিশ্বাস হতো না।’
বাগান শ্রমিক সুজিত বাগচি বলেন, ‘এই বাগানে নিয়মিত কাজ করি। আমি দৈনিক ৭০০ টাকা মজুরি পাই। মাস শেষে ২১ হাজার টাকায় সংসার ভালোই চলে।’ শ্রমিক বাদশা মিয়া জানান, ‘তিনবেলা খাওয়াদাওয়াসহ আমরা মাসে ১৫ হাজার টাকা মজুরি পাই। আমগাছ ও অন্যান্য ফলদ গাছের যত্ন নিই।’
বাগান মালিক জাহাঙ্গীর কবীর বলেন, ‘বাণিজ্য নয়, ভালোবাসা থেকেই এই বাগান করেছি। আমার পিতা কৃষিপ্রেমী ছিলেন। তার অনুপ্রেরণায় ভাই-বোন সবাই মিলে এই মিশ্র বাগান গড়েছি।’ তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলসহ জাপান ও ভারত থেকে উন্নত জাতের এই আমের চারা সংগ্রহ করেছি। ইতোমধ্যে এসব গাছে ফল এসেছে। তা দেখতে প্রতিদিন অনেকেই ভিড় করছেন। তারা আমের নানা জাত সম্পর্কে জানতে পারেন।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সৌমিত্র সরকার বলেন, ‘এ বছর জেলায় ৫৩০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২০ টন।’ তিনি আরও বলেন, ‘মাহিন কানন-২ বাগানে দেশি-বিদেশি নানা জাতের আম রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে।