
নড়াইলের লোহাগড়া পৌর শহরে ময়লা-আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট 'ডাম্পিং স্টেশন' নেই। ফলে বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় যত্রতত্র ময়লা ফেলায় গড়ে উঠেছে 'ভাগাড়'। এ অবস্থায় চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বাজারের ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষজন।
বাজারের কেন্দ্রস্থল, লোহাগড়া প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর, মুরগি ও মাংস পট্টি এলাকা, লক্ষ্মীপাশা খাদ্য গুদামের সামনে নবগঙ্গা নদীর পাড়ে প্রতিদিনই ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। বিশেষ করে, লক্ষ্মীপাশা খাদ্য গুদামের পূর্ব পাশেই রয়েছে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে এখানে ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধে স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগী ও স্বজনরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সোমবার (২৩ জুন) সরেজমিনে লোহাগড়া পৌরসভার ৯টি ওয়ার্ড ঘুরে দেখা গেছে , সড়ক বা রাস্তা-ঘাটের পাশেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এসব ময়লা-আবর্জনা পঁচে দুর্গন্ধে মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তার ওপর সামান্য বৃষ্টিতেই এসব এলাকার সড়ক বা রাস্তায় কাদা-পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও চরম দুর্ভোগ তৈরি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ' শহরের গুরুত্বপূর্ণ স্হান গুলোতে ময়লা-আবর্জনা ফেলায় প্রায় শহর জুড়েই ময়লার 'ভাগাড়' তৈরী হচ্ছে। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়েও সৃষ্ট সমস্যার কোন সমাধান হয় নাই'। ফলে সমস্যা দিনকে দিন বাড়ছেই।
পৌরসভার ৬ নং ওয়ার্ডের গোপীনাথপুর এলাকার বাসিন্দা ও গণমাধ্যমকর্মী রাশেদ রাসু
বলেন, “আপনারা এক দিন এখানে থাকলে বুঝতেন আমরা কী যন্ত্রণায় আছি। ময়লা আবর্জনার স্তুুপের পাশ দিয়ে হেঁটে গেলে বমি আসে। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, বৃদ্ধরা শ্বাস নিতে পারে না। মনে হয় এলাকা ছেড়ে পালাতে হবে' !
শারমিন সুলতানা নামে অপর বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ' এটা এক দিনের সমস্যা নয়। বছরের পর বছর ধরে যেখানে সেখানে ময়লা ফেলায় ভাগাড় তৈরি হয়েছে। কেউ খোঁজ নেয় না। কেউ শোনে না। কী গন্ধ, বলে বোঝানো যাবে না'।
লোহাগড়া বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাপ্পি বলেন, 'বাজারের ভেতরে যেভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে , এতে ব্যবসা-বাণিজ্য করাই দায় ! দ্রুত ডাম্পিং স্টেশন নির্মিত না হলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে'।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া বলেন, ' শুধু পরিবেশ নয়, এসব ময়লা থেকে মশা-মাছি বাড়ছে, ছড়াচ্ছে রোগব্যাধি। পৌর কর্তৃপক্ষ সময় মতো ব্যবস্থা না নিলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা আছে বলে তিনি জানান'।
শহরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক জহির ঠাকুর বলেন, ' পৌর শহরে ময়লা আবর্জনা ফেলার জন্য কোন ডাম্পিং স্টেশন নির্মিত না হওয়ায় শহরবাসী অনেকটা বাধ্য হয়েই যেখান-সেখানে ময়লা আবর্জনা ফেলছে। পরিচ্ছন্নকর্মীরাও নিরুপায় রাস্তা বা সড়কের পাশে ময়লা ফেলছে। এতে জনভোগান্তি চরমে উঠেছে। জনস্বাস্থ্য বিবেচনায় দ্রুতই এখানে ডাম্পিং ষ্টেশন নির্মাণ করা উচিত।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া পৌর সভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বলেন, ' শহরের ময়লা-আবর্জনা ফেলার জন্য 'ডাম্পিং স্টেশন' নির্মাণের একটি প্রকল্প হাতে রয়েছে। তবে উপযুক্ত জায়গা না পাওয়ায় এখনও কাজ শুরু করা সম্ভব হয়নি। পৌর কতৃপক্ষ জমি খুঁজছে, আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি জানান'।
উল্লেখ্য, ২০০৩ সালে লোহাগড়া পৌরসভা গঠিত হয়। এটি 'গ' শ্রেণীর পৌরসভা হওয়ায় প্রথমে 'ডাম্পিং স্টেশন ' নির্মাণের বরাদ্দ না পাওয়ায় দীর্ঘদিনেও সেটি নির্মাণ করা সম্ভব হয় নাই। পরবর্তীতে ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হলেও সুবিধাজনক স্থানে জমি না পাওয়ায় ডাম্পিং স্টেশন নির্মাণ সম্ভব হচ্ছে না।