
জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের “দাদা নাতী রোড” বর্তমানে চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা রাস্তার গর্তে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে এলাকাটি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষা মৌসুম শুরু হতেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কাদার স্তুপ— যেন প্রতিদিনই এক ভয়ংকর অভিজ্ঞতা। সবচেয়ে বড় সমস্যা, এই রাস্তায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।
দুই পাশে বসবাসকারী পরিবারগুলো পানিতে ডুবে থাকা রাস্তা দিয়ে কষ্ট করে স্কুল-কলেজ, বাজার ও কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের চলাফেরায় বড় ধরনের ভোগান্তি হচ্ছে।স্থানীয় এক বাসিন্দা বলেন,আমরা অনেকবার ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। এই রাস্তায় অ্যাম্বুলেন্স আসা তো দূরের কথা, রিকশাও চলতে চায় না।
এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটি পাকা করাসহ সঠিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান দেওয়া হোক। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সুদৃষ্টি না পড়লে, সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।