
চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে গতকাল শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ফটিকছড়ির এক তরুণ প্রাণ—নাজিরহাটের জুনায়েদ।
নিহত জুনায়েদ নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রফিক সওদাগর বাড়ির জাফর হোসেনের ছেলে। বয়স খুব বেশি না হলেও, স্বপ্ন ছিল অনেক। কিন্তু নিয়তির নির্মমতায় সব থেমে গেল এক মুহূর্তেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জুনায়েদকে সজোরে চাপা দেয়। সড়কে লুটিয়ে পড়ার পর আর উঠে দাঁড়ানো হয়নি তার—ঘটনাস্থলেই নিভে যায় তার প্রাণপ্রদীপ।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ নেয়।
এদিকে, জুনায়েদের সঙ্গে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুনায়েদের অকাল মৃত্যুতে তার এলাকা—ফটিকছড়ি যেন স্তব্ধ হয়ে গেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেমে এসেছে শোকের ঢল।
এই দুর্ঘটনা যেন আরেকটি তরুণ স্বপ্নের অপমৃত্যু। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।