
কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার ছিনাই ইউনিয়নের মৃত রহমতের স্ত্রী রোকেয়া বেগম (৪০) এবং কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকার আমজাদ হোসেনের স্ত্রী পারভীন বেগম (৫০)। স্থানীয়রা জানান, তারা আপন বোন ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দুই বোন আত্মীয়ের বাড়ি থেকে রাতের খাবার শেষে নিজ গন্তব্যে ফিরছিলেন। কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে একটি দ্রুতগামী ট্রাক্টর তাদের দু’জনকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
হঠাৎ এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘাতক ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, মহাসড়কে ট্রাক্টর চলাচল নিয়মবহির্ভূত হলেও নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেই। নিয়মিত ট্রাফিক টহল এবং দ্রুতগতির যানবাহনের ওপর কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।