
চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ছোটন কুমার দে (২৫) নামে এক তরুণ ব্যবসায়ী। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর আমবাড়িয়া রেললাইনে। নিহত ছোটন দে ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের দক্ষিণ জুজখোলা (কুলালপাড়া) এলাকার অজিত কুমার দে’র ছেলে। পেশায় তিনি নারায়নহাট বাজারে একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। শেষ যাত্রার ট্রেনটা হয়তো তিনি নিজেই বেছে নিয়েছিলেন... প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চট্টগ্রামমুখী একটি ট্রেন যখন উত্তর আমবাড়িয়া এলাকা অতিক্রম করছিল, তখন হঠাৎ করেই ছোটন ট্রেনের সামনে ঝাঁপ দেন। মুহূর্তেই তার দেহ বিভীন্ন অঙ্গে ছিন্নভিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা মিরসরাই রেলওয়ে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মনের ভিতরে ছিল যুদ্ধ—বুঝতে পারেননি কেউ! স্থানীয়দের ভাষ্যমতে, ছোটন দে কয়েক দিন ধরেই চরম মানসিক অস্থিরতায় ভুগছিলেন। পরিবারের সঙ্গে তার বিরোধ বা মান-অভিমান ছিল কি না, তা নিয়ে ভিন্ন মত থাকলেও অনেকেই বলছেন—তিনি পারিবারিক কারণে ভীষণ চাপের মধ্যে ছিলেন। তবে এসব দাবি প্রত্যাখ্যান করে তার ছোট ভাই জিকু দে জানান, “আমরা দু’ভাই একসাথে ব্যবসা করি। কোনো পারিবারিক কলহ ছিল না। বরং আমার ভাই দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ২০১৬ সালে তাকে এক বছর মানসিক হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। এবার হয়তো সেই অসুস্থতাই তাকে শেষ করে দিল।” কিছু প্রশ্ন রেখে গেলেন ছোটন... ছোটন কুমার দে’র এই মর্মান্তিক মৃত্যু শুধু তার পরিবার নয়, পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। এক প্রতিবেশী বলেন, “সে খুব চুপচাপ ছিল, কারও সাথে ঝগড়া-বিবাদ করত না। আমরা ভাবতেও পারিনি সে এমন পথ বেছে নেবে।” একটি প্রাণ ঝরে গেল—চিরতরে। রেখে গেল অনেক প্রশ্ন, অনেক হাহাকার। এমন মৃত্যু যেন আর না হয়, সেই প্রার্থনাই এখন চারদিকে।