
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং খালে ফের একজন নারী নিখোঁজ হয়েছেন। বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার উত্তর কাঞ্চননগর ফরেস্ট অফিস সংলগ্ন কালাপানিয়া এলাকার বাসিন্দা রেজিয়া বেগম (৪৫) ওরফে মনুনি (স্বামী মৃত মাহাবুল আলম) গোসল করতে গিয়ে নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রেজিয়া বেগম দুপুরে ধুরুং খালে গোসল করতে যান। দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খালের পাড়ে গিয়ে খোঁজ শুরু করেন। সেখানে তারা রেজিয়ার পরনের কাপড়-চোপড় পানির ধারে পড়ে থাকতে দেখেন। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
স্থানীয়রা নিজের উদ্যোগে খালের পানিতে নেমে তল্লাশি শুরু করেছেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ রেজিয়ার কোনো খোঁজ মেলেনি।
এদিকে মাত্র দুই দিন আগেই একই খালের মানিকপুর অংশে গোসল করতে গিয়ে নানি ও নাতনি নিখোঁজ হন এবং পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কয়েক দিনের ব্যবধানে এমন একাধিক ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
নিখোঁজ রেজিয়ার পরিবারে চলছে আহাজারি। খবর পেয়ে আশপাশের বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন। স্থানীয়দের তৎপরতায় এলাকাটি বর্তমানে চাঞ্চল্যপূর্ণ অবস্থায় রয়েছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, দুপুরের ঘটনার পর অনেক সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বা কোনো উদ্ধারকারী বাহিনী পৌঁছেনি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, ধুরুং খালে যেন বারবার প্রাণহানির ঘটনা ঘটে চলেছে অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু ও নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।