
সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এই তিন ইউনিয়ন মিলে কয়েক লক্ষ মানুষের বসবাস যে অঞ্চলটির মানুষ জেলা সদর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সবজি পৌঁছে দেবার কাজ করেন, তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছেন। সরকারি হিসেবে এ অঞ্চলে কেবল শীতকালীন সবজি উৎপাদন হয় প্রায় ৪০ কোটি টাকার। স্থানীয় সবজি চাষীদের দাবি, যোযোগের অব্যবস্থার কারণে প্রতিবছর সবজি থেকেই কেবল দশ কোটি টাকা মূল্য কম পান তারা। এছাড়া মাছ, ধানসহ অন্যান্য উৎপাদিত পণ্যও বাজারজাতের ভোগান্তিতে থাকেন।
ইতিমধ্যে সুরমা নদীর এ অংশে সেতু নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি এবং হাইড্রোলজি—মরফোলজি স্টাডি শুরু হওয়ায় এলাকাবাসী স্বপ্ন পূরণের প্রহর গুনছেন। তবে সেতুর কাজটি আদৌ কবে হবে, এই নিয়েও উৎকণ্ঠা আছে এখানকার বাসিন্দাদের মধ্যে।
সুরমার উত্তর পাড়ের উৎপাদিত সবজি সিলেট অঞ্চল ছাড়িয়ে রাজধানী ঢাকায় যায়। কিন্তু ক্ষেতের সবজি প্রথম হালুয়ারঘাটে নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। পরে লেবার দিয়ে আবার নৌকায় তুলে পার করে নিয়ে পরিবহনে তুলতে হয়। তাতে টাকা খরচ হয়, সময়ও ক্ষেপন হয়। অথচ সারাদেশে এখন জমি থেকেই কৃষি পণ্য বিক্রয় হচ্ছে।
সুরমা নদীর উত্তরপাড়ে সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর। এছাড়া এই পথ দিয়ে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ও লক্ষীপুর ইউনিয়নেরও কিছু এলাকার মানুষ যাতায়াত করছেন ।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৩৮০ হেক্টর জমিতে প্রতি শীত মৌসুমে ৩০ কোটি ৪০ লাখ টাকার, সুরমা ইউনিয়নের ১৯০ হেক্টর জমিতে ১৫ কোটি ২০ লাখ টাকার এবং রঙ্গারচর ইউনিয়নের ৩০ হেক্টর জমিতে দুই কোটি ৪০ লাখ টাকার সবজি উৎপাদন হয়।
দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নে ৬০০ হেক্টর জমিতে উৎপাদিত ৪৮ কোটি টাকার সবজি ও লক্ষীপুর ইউনিয়নের ৭০ হেক্টর জমির আট কোটি ৬০ লাখ টাকার সবজির একটি অংশ এই পথ দিয়ে জেলা সদরে আসে।
সুরমা নদীর ধারারগাঁও ও হালুয়ারঘাট এলাকায় সেতু হলে কেবল সদর উপজেলার উত্তরপাড়ের তিন ইউনিয়নের চাষীরা সবজি বিক্রয় করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা করেন তারা। এখন যে সবজি বিক্রয় করে কেজি প্রতি পরিবহন খরচ বাদ দিয়ে চল্লিশ টাকা পান, সেই সবজি জমি থেকেই ৫০ টাকা কেজিতে চাষীগণ বিক্রয় করতে পারবেন।
তিনি বলেন, সবজি চাষি যখন তাদের উৎপাদিত সবজি বাজারে নিয়ে যায়, তখন পাইকাররা ইচ্ছে করেই দাম কমিয়ে নেয়, তারা বুঝে এটি বিক্রয় করতেই হবে এই কৃষক কে। অথচ ট্রাক সরাসরি জমিতে যেতে পারলে যাচাই করে সবজি তুলে বিক্রয় করতে পারতেন তারা। এছাড়া এই সীমান্ত এলাকায় মুক্তিযুদ্ধ উপত্যকা রয়েছে। এখানে পর্যটন সম্ভ্যা ভনাময় একটি জায়গা। সেতু হলে পর্যটকের চলাচল বৃদ্ধি পাবে তারা গাড়ি নিয়ে সরাসরি এখানে আসতে পারবেন। এই সীমান্তে ইমিগ্রেসনসহ শুল্কস্টেশন করার দাবি আছে। সেতু হলে শুল্কস্টেশন হবার বিষয়টিও এগিয়ে যাবে।
হালুয়ারঘাট বাজারের চা দোকানদার শামসুল হক বলেন আমার চোখের সামনে অনেক মানুষ রুগী গর্ভবতী নারীদের নিয়ে সমস্যায় পড়েন। জেলা সদর হাসপাতাল নদীর ঐপাড়ে থাকায় অনেক ইমার্জেন্সি রুগী গর্ভবতী নারীদের নিয়ে তাদের স্বজনরা পড়েন বিপদে হালুয়ারঘাট খেওয়া ঘাটে এসে দেখেন খেওয়া নৌকা দক্ষিণপাড়ে। ওখানে বিলম্ব হওয়ায় নদী পার করতে করতেই অনেক মৃত্যুর কুলে ঢলে পড়েন। এরকম ঘটনা প্রায়ই ঘটে।
উত্তরপাড়ের তিন ইউনিয়নের লক্ষ্যাদিক মানুষ যুগযুগ ধরেই যোগাযোগ কষ্টে ভোগছেন। বর্ষায় এই দুর্ভোগ আরও বেড়ে যায়।
ধারারগাঁও-হালুয়ারঘাট এলাকায় এল জি ইডি’র ফিজিবিলিটি ও হাইড্রোলজি, মরফোলজি স্টাডি কাজে নিয়োজিত কনসালটেন্ট মো. মুরাদ হোসেন বললেন, দেশের একশ সেতুর ফিজিবিলিটি স্টাডি ও হাইড্রোলজি-মরফোলজি স্টাডি শুরু হয়েছে। সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় ৮৫০ মিটার লম্বা সেতু করার পরিকল্পনা নিয়ে এল জি ইডি প্রাথমিকভাবে কাজ শুরু করেছে। মাটি এবং পানি পরীক্ষা ও অর্থনৈতিক সমীক্ষা হয়েছে। ওখানে জমি ব্যক্তি মালিকানাধীন কেমন, সরকারি জমি আছে কী না, সেটি যাচাই করা পর পরবর্তী প্রক্রিয়ায় কাজ হবে।
সুনামগঞ্জ এল জি ইডি’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, বড় সেতু করার আগে যে সকল কাজ করা লাগে সেটি চলমান রয়েছে।